ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ

কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক ওসির কান্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ২০ নভেম্বর ২০২৪
কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক ওসির কান্না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

বুধবার ট্রাইবুনালের বিচারকাজ চলাকালীন চিফ প্রসিকিউটর ভুলবশত গুলশানের সাবেক ওসিকে সাভারের ওসি বলে সম্বোধন করেন এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আদালতে সামনে তুলে ধরেন।

এ সময় মাজহারুল হক দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে কান্নাকাটি করে বলেন, আমি কখনোই সাভারের ওসি ছিলাম না, আমি গুলশানের ওসি।

Advertisement

তিনি আরো বলেন, আমি আন্দোলনের পক্ষে ছিলাম। আমার ছেলেও আন্দোলনে অংশ নিয়েছে।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, আপনি নির্দোষ হলে আপনার কিছু হবে না।

পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, লিখিত কাগজটি পড়ার সময় আমি ভুলবশত তাকে সাভারের ওসি বলি। তিনি গুলশানের ওসি। এরপর গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতের সামনে পাঠ করেন তিনি।  

মাজহারুল হকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় অভিযুক্ত গুলশানের ওসি মাজারুল হক ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে মিলে ছাত্র জনতার উপর পাশবিক নির্যাতন চালান। তার নির্দেশে ১৯ জুলাই পুলিশ বাদুর হোসেন নামের একজনের ওপর গুলি চালায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একইদিন শাহাজাদপুরে ওসি মাজহারের নির্দেশে ছাত্র-জনতার উপর গুলি চালানো হয়।

এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (চাকরিচ্যুত) জিয়াউল আহসানসহ ৮ আসামিকে আনুষ্ঠানিক গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়াসহ আসামিদের পুনরায় হাজির করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল।

কারাগারে পাঠানো বাকিরা হলেন- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!