বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে পানি জমে যায়। এজন্য বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে যান সালাম (৪০)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা (৩৫) এগিয়ে আসে। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে সাবা (১৩) ও ভাতিজা সিয়াম (১৩) যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
.png)
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাজিব বলেন, বিকেলে সালামের বাড়িতে গিয়ে দেখতে পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাম ও তার স্ত্রী-মেয়ে এবং ভাতিজা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। সে সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহত সালামের চাচাতো ভাই সাইদুল জানান, সালামের শহরের জেলখানা মোড়ের ফটোকপির দোকান রয়েছে। দুপুরে খাবার খাওয়ার জন্য সে বাড়িতে এসেছিল। ওই সময় ঘরের ভেতর পরিবারের সবাই অবস্থান করছিল। একদিন আগেই বাড়িতে ইলেকট্রিকের কাজ করিয়েছিল সে।
রুপা খাতুনের ভাই সাইদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার বোন, দুলাভাই ও ভাগ্নির মৃত্যু হয়েছে। জেলখানা মোড়ে দুলাভাইয়ের ফটোকপির দোকান রয়েছে। ভাগ্নি সাবা হাউজিং প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানিয়েছেন, সার্ভিস লাইনের তারে ত্রুটি থাকায় বৃষ্টির পানিতে ওয়াশরুমের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।