৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানেরর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার রিমান্ড মঞ্জুর করেন।
.png)
এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩০ এপ্রিল মাহবুব রহমান মিধু বাদী হয়ে রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আটজনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় মামলা করেন। মিজানুর এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি। এ মামলায় মঙ্গলবার রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১১টায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে আসামি রফিকুলের নির্দেশে মেসার্স ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ও সিটি মাল্টি এগ্রিকালচারাল কোম্পানির সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেন। সম্পত্তিতে থাকা সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ভাঙচুর করে ও কেটে চুরি করে নিয়ে যান। এ সময় কোম্পানির সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা তিনজন নিরাপত্তাকর্মী বাধা দিলে আসামিরা এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করেন।
এতে আরো বলা হয়, আসামি কাওসার আহমেদ অপু মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন। এ সময় আসামিরা এই সম্পত্তির মালিক তারা বলে হুমকি দেন। তারা বলেন, এই সম্পত্তি দখলে রাখতে চাইলে তাহলে তোদের বসকে বলবি পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হবে। যদি চাঁদা না দেয় তাহলে ভবিষ্যতে আরো লোকজন নিয়ে এসে এ সম্পত্তি দখল করে নেব এবং যে বাধা দেবে তাকে মেরে মরদেহ গুম করে ফেলবো।
আসামিরা কোম্পানির সম্পত্তিতে থাকা সাইনবোর্ড ভেঙে চুরি করে নিয়ে দুই লাখ টাকার ক্ষতিসাধন করেছেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।