মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী নতুন দিন ধার্য করেন।
এর আগে, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেফতার করে সিআইডি।
.png)
এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ইভান জামিনে আছেন।
মামলার অন্য আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতেন। দুবাই পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সিআইডি গত জুলাই মাসে আজম খান ও তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতার হন আজমের এ দেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন।
সম্প্রতি গ্রেফতার এ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা গডফাদার হিসেবে বাড্ডার সজীব ও ময়মনসিংহের অনীকের নাম বলেন। আজম খান জবানবন্দিতে বলেন, এদের দুজনেরই দুবাইতে ড্যান্স বার আছে।
উল্লেখ্য, ‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে পারফর্ম করে তার দল।