ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

চিকিৎসক বুলবুল হত্যা মামলায় অভিযোগ গঠন ২১ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩০, ২৫ মে ২০২৩
চিকিৎসক বুলবুল হত্যা মামলায় অভিযোগ গঠন ২১ জুন
চিকিৎসক আহমেদ মাহী বুলবুল- ফাইল ফটো

রাজধানীর মিরপুরে চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলায় ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ কুদরত-এ-ইলাহী এ দিন ধার্য করেছেন।

এ দিন মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিরা আইনজীবী নিয়োগ করবেন বলে সময় চান। আদালত তাদের আবেদন মঞ্জুর করে ২১ জুন দিন ধার্য করেন।

২০২২ সালের ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার শান্তি অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, আহমেদ মাহী বুলবুল দন্ত চিকিৎসক ও প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। তিনি ঠিকাদারি কাজের জন্য নোয়াখালী যাওয়ার উদ্দেশে গত ২৭ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বাসা থেকে বের হয়ে রিকশায় শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে রওনা হন। পশ্চিম কাজীপাড়ার নাভানা ফার্নিচার শোরুমের সামনে পৌঁছালে আসামি রিপন ও রাসেল রিকশার গতিরোধ করে কাছে যা যা আছে তা দিয়ে দিতে বলে। চিকিৎসক বুলবুল না দিলে তাকে ছুরিকাঘাতের ভয় দেখায়।

এরপর বুলবুল মোবাইল ফোন দিতে না চাওয়ায় রিপন ছুরি দিয়ে তার ঊরুতে আঘাত করে জখম করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় বুলবুল গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা চিকিৎসকের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন ১৫০০ টাকায় বিক্রি করে। পরে তা পাঁচ ছিনতাইকারী ভাগ করে নেয়।

এ মামলার আসামিরা হলেন- মো. রায়হান ওরফে সোহেল আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয়, সোলায়মান ও রিপন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!