ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আরাভ খানের অস্ত্র মামলায় যুক্তিতর্ক ৭ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ১৩ এপ্রিল ২০২৩
আরাভ খানের অস্ত্র মামলায় যুক্তিতর্ক ৭ মে
মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে আরাভ খান- ফাইল ফটো

বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ আগামি ৭ মে ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালতে মামলাটির আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আরাভ খান পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। এজন্য আদালত ৭ মে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করেছেন।

গত ২৮ মার্চ মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তিনি গ্রেফতার হন। এ ঘটনায় ঐ দিনই আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। 

Advertisement

মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১ মার্চ আরাভ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। একই বছরের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!