ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ইন্টারপোলের রেড নোটিসে আরাভ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩, ২৫ মার্চ ২০২৩
ইন্টারপোলের রেড নোটিসে আরাভ খান
ফাইল ফটো

চার বছর আগে রাজধানীর গুলশানে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলা মাথায় নিয়ে দুবাইয়ে পলাতক আসামি স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে ইন্টারপোল রেড নোটিস জারি করেছে। 

শুক্রবার ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশি অপরাধী হিসেবে রবিউল ইসলামের নাম প্রকাশ করা হয়েছে। তাকে নিয়ে বাংলাদেশি ৬৩ জন অপরাধী সংস্থাটির রেড নোটিসের আওতায় রয়েছে।

রবিউল আরাভ খান নামে ভারতীয় পাসপোর্টে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তার পাসপোর্ট বাতিল করার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতকে চিঠি দেবে বলে জানা গেছে।

Advertisement

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আরাভ খান সম্পর্কে যে বর্ণনা রয়েছে তা হলো ৩৫ বছর বয়সি রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি। তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে লেখা আছে হত্যা।

এর আগে, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় পুলিশ। এরপরই ইন্টারপোল আরাভ খানের নামে রেড নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হলো রবিউল ইসলাম ওরফে আরাভের নাম।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয় দুবাইয়ে আরাভ নজরদারিতে আছেন।

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন মামুন। পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তার আধপোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পলাতক রবিউলসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলাটি এখন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরই রবিউল ভারতে পালিয়ে গিয়ে সেখানে বিয়ে করেন। এরপর ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে পাড়ি জমান দুবাইয়ে। এরপর দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। গত ১৫ মার্চ দুবাইয়ে তার মালিকানাধীন আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে যান ক্রিকেটার সাকিব আল হাসানসহ, ইউটিউবার হিরো আলমসহ কয়েকজন তারকা। এরপরই রবিউল ইসলাম আলোচনায় আসেন। এখন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!