ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

গোল্ডেন মনিরের জামিন ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ৬ নভেম্বর ২০২২
গোল্ডেন মনিরের জামিন ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। 

একই সঙ্গে মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২ নভেম্বর মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন আজ পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত। গত ৩১ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন।

২০২০ সালের ২১ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে গোল্ডেন মনিরকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৬০০ ভরি সোনার গয়না, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

এছাড়া তার বাড়ি থেকে অনুমোদনহীন দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়, যার প্রতিটির বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। তার ‘অটো কার সিলেকশন’ নামে গাড়ির শোরুম থেকে আরও তিনটি অনুমোদনহীন বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ঢাকা ও আশেপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির।

এর আগেও গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজউকের একটি মামলা রয়েছে। মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি। এ থেকেই মনির পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ হিসেবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অভিযোগ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!