ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গাজায় দুই বছর পর আবার স্থল অভিযান শুরু করল ইসরাইল
দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ নভেম্বর) থেকে এ অভিযান শুরু হয়েছে। এ সময় হামাস নিয়ন্ত্রিত এলাকায় ইসরাইলি ট্যাংক মোতায়েনের খবরও পাওয়া গেছে।
এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য। আইডিএফের দাবি, হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরাইলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরাইল। এই রেখা গাজার ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাস নিয়ন্ত্রিত এলাকাকে আলাদা করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে ফিলিস্তিনের এই ভূখণ্ডের ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরাইলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।
গাজায় ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকি এবং বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করাকে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে।
তথ্যসূত্র: এএফপি