ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সঙ্গে সমঝোতা না হলে নতুন করে সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। এমনকি রোববার (২৫ অক্টোবর) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানে নতুন করে হামলার বিষয়ে রোববারই সিদ্ধান্ত আসতে পারে। তবে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে নতুন করে সামরিক সংঘাত এড়ানো সম্ভব বলেও ইঙ্গিত দেন তিনি।
ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকানোকে নিজের অন্যতম লক্ষ্য উল্লেখ করে ট্রাম্প বলেন, বি-২ বোমারু বিমান ব্যবহার করেও কাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি। তাই এবার এ সমস্যার স্থায়ী সমাধান চান তিনি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বেশি পরিমাণ তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান তুলে ধরেননি তিনি।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সামনে সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক সমঝোতা—দুই পথই খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, আবার সংঘাতের অবসান ঘটাতে আরও সামরিক পদক্ষেপের প্রয়োজনও হতে পারে। তবে পরিস্থিতি যেদিকেই গড়াক, যুক্তরাষ্ট্রই জয়ী হবে বলে দাবি করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি