‘ইরানের কারণে হুতিরা সৌদিতে হামলা করছে’
ইরানের কারণে হুতিরা সৌদি আরবে হামলা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত জামিলা আলি রাজা। শনিবার (২৫ জুলাই) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
জামিলা আলি রাজা এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক হুতি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন জলদস্যুতা নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরানের একটি বৃহত্তর কৌশলের অংশ।ওয়াশিংটনে মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত জামিলা আলি রাজা অভিযোগ করেছেন, ইরান-ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ক্রমাগত ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তেল রপ্তানি বন্ধ করে তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলেছে। রাষ্ট্রদূত রাজার বক্তব্য অনুযায়ী, হুতি মিলিশিয়ারা ইয়েমেনের জাতীয় স্বার্থ রক্ষা না করে মূলত তেহরানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে তেল রপ্তানি কেন্দ্রগুলোতে হুতিদের ক্রমাগত হামলার কারণে ইয়েমেন সরকার আনুমানিক ৬ বিলিয়ন (৬০০ কোটি) মার্কিন ডলারের রাজস্ব হারিয়েছে।
বর্তমানে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর অংশের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের শেষভাগ থেকে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা এই হামলা চালাচ্ছে। তবে ইয়েমেনি প্রশাসন একে ইরানের আঞ্চলিক আধিপত্য বিস্তারের ছক হিসেবেই দেখছে।