ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ২৫ জুলাই ২০২৬
ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানকে অস্ত্র সরবরাহ করলে চীন বা রাশিয়ার জন্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, বেইজিং ও মস্কো উভয় সরকারই ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

সদ্য সমাপ্ত বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের সূত্র ধরে ট্রাম্প বলেন, চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এই নিষেধাজ্ঞা চীনা বেসরকারি কোম্পানিগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে শি জিনপিং তাকে নিশ্চিত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীন সফরের সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে স্পষ্ট জানিয়েছেন, তারা কোনো পরিস্থিতিতেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে কোনো অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। এই প্রতিশ্রুতির মধ্যে চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে আমি তার কথা বিশ্বাস করছি এবং এর পাশাপাশি আমিও তাকে বেশ বড় কিছু সুবিধা দিচ্ছি।

‘ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের নিশ্চয়তা দিয়েছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, রাশিয়াও ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। পুতিনের বক্তব্য উদ্ধৃত করে ট্রাম্প জানান, "তিনি (পুতিন) বোঝেন যে আমি ইউক্রেনের কাছে কোনো অস্ত্র বিক্রি করি না, বরং ন্যাটো দেশগুলোর কাছে বিক্রি করি। তারা সম্পূর্ণ মূল্য পরিশোধ করে এবং সেই অস্ত্রগুলো কীভাবে বণ্টন করা হয়, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’

ইরান ইস্যুতে বৈশ্বিক ভূরাজনীতিতে আলোচিত এই দুই পরাশক্তিকে নিয়ে ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ‘সুতরাং, ইরানের প্রসঙ্গে মানুষ যে দুটি বড় দেশের কথা প্রায়ই বলে থাকে, আমার মতে তারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। যদি তারা তা করে, তবে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে—নিশ্চিতভাবেই তা তাদের নিজস্ব স্বার্থের পরিপন্থী হবে।’

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!