ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আন্তর্জাতিক বাজারে কয়লার দামে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ৩ মার্চ ২০২৬
আন্তর্জাতিক বাজারে কয়লার দামে রেকর্ড
ফাইল ফটো

ফেব্রুয়ারি শেষে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়ে প্রতি টন ১১৯ ডলার ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। পরিবেশবান্ধব জ্বালানির দিকে বৈশ্বিক ঝোঁক থাকলেও জ্বালানি নিরাপত্তার চাহিদা বাড়ায় বড় অর্থনীতিগুলোয় কয়লার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ফলে টানা ঊর্ধ্বমুখী রয়েছে পণ্যটির দাম।

সম্প্রতি হেলেনিক শিপিং নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদন ও ব্যবহারকারী দেশ হিসেবে চীন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন অব্যাহত রেখেছে। বেইজিং বর্তমানে বৈদ্যুতিক গ্রিডের সক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী ৪ মার্চ শুরু হতে যাওয়া চীনের বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকের দিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে। ঐ বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিগত লক্ষ্য ঘোষণা করা হতে পারে।

Advertisement

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংকটে থাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন। এ খাতের ছয়টি বিদ্যুৎকেন্দ্র আধুনিকায়নে তিনি ১৭ কোটি ৫০ লাখ ডলার ফেডারেল তহবিল বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়লেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশ এখনো কয়লার ওপর নির্ভরতা কমাতে পারেনি। ফলে নিকট ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারে কয়লার দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

সূত্র: হেলেনিক শিপিং নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!