ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন জান্তাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২৪ জুলাই ২০২৪
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন জান্তাপ্রধান
মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। ছবি: এপি

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে চিকিৎসাসংক্রান্ত ছুটি নিয়েছেন। সেই সঙ্গে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির এক ঘোষণায় বলা হয়, সোমবার (২২ জুলাই) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন দায়িত্বের ব্যাপারে একটি চিঠি পান মিন অং হ্লাইং।

Advertisement

চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। এজন্য তিনি ছুটিতে আছেন। তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার জায়গায় দায়িত্ব পালন করবেন মিন অং হ্লাইং।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নতুন সরকার গড়ে নাম দেয়া হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল, যার প্রধান হন সেনাপ্রধান মিন অং হ্লাইং। 

মিন্ট শোয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি সরকারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অভ্যুত্থানের পর সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

গত সপ্তাহে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ৭৩ বছর বয়সি মিন্ট শোয়ে ‘সাইকোমোটর রিটারডেশন অ্যান্ড ম্যালনিউট্রিশন’ রোগে ভুগছেন। চলতি বছরের শুরু থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এ কারণে তিনি তার নিয়মিত কাজকর্ম চালিয়ে নিতে পারছেন না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!