ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহড়ার পর আবারো চীনকে আলোচনার প্রস্তাব তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২৬ মে ২০২৪
মহড়ার পর আবারো চীনকে আলোচনার প্রস্তাব তাইওয়ানের
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ছবি: এএফপি

দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপদেশ তাইওয়ান ঘিরে চীনের দুই দিনের মহড়া শেষ হওয়ার পর চীনের প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও পুনর্মিলন বাড়ানোর জন্য তিনি উন্মুখ হয়ে আছেন বলে জানান। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে শপথ নেয়ার পর লাইয়ের উদ্বোধনী ভাষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ভাষণে লাই তাইওয়ানের প্রতি চীনকে তাদের রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানান।

তিনি তাইওয়ানকে স্বাধীন দ্বীপ হিসেবে উল্লেখ করায় সেসময় কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। পরে গত বৃহস্পতি ও শুক্রবার তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায় চীন। এছাড়া ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। বেইজিংয়ের এই ঘোষণার পরপরই দু’দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে লাইয়ের এই পদক্ষেপ গুরুপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। 

Advertisement

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের শহর তাইনানে নিজ দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এক বৈঠকে লাই চীনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।  এ সময় তিনি তাইওয়ানের সাথে চীনের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ করার আহ্বান জানান। 

লাই বলেন, তিনি আদান-প্রদান ও সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও পুনর্মিলন বৃদ্ধি, পারস্পরিক সুবিধা সম্প্রসারণ এবং শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ। তবে লাই এটাও সাবধান করেন যে, তাইওয়ান প্রণালীতে তরঙ্গ সৃষ্টি এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে এমন কোনো দেশকে মেনে নেয়া হবে না।

চীনের সামরিক মহড়ার নিন্দা জানিয়েছেন লাই। সেই সঙ্গে চীনা মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দ্বীপ রাষ্ট্রটির সরকারকে চাপ দিতে গত চার বছর ধরে তাইওয়ানের চারপাশে নিয়মিত সামরিক তৎপরতা চালিয়েছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা কিনমেন দ্বীপপুঞ্জের ছোট্ট আরেকটি দ্বীপ এরদানের গ্যারিসনে অশোধিত একটি কার্ডবোর্ডের বাক্স পাওয়া গেছে। বাক্সের ওপর চীনা অক্ষরে রাজনৈতিক স্লোগান লেখা ছিল।

মন্ত্রণালয়ের ধারণা, বাক্সটি দৃষ্টিসীমার বাইরে ড্রোন থেকে ফেলে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, এ ব্যাপারে জানার জন্য অফিস টাইমের বাইরে ফোন কল ধরেনি চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে, ২০২২ সালে কিনমেন থেকে একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল তাইওয়ান বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: চীন তাইওয়ান
লিংক সফলভাবে কপি হয়েছে!