জানা গেছে, বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এর আগে গত বছরের ডিসেম্বরেও দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত মোকদেওক দ্বীপের কাছে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইন-ফ্লাইট জরুরি অবস্থার সম্মুখীন হয়েছিল এবং আজ সকাল ৮ টা ৪১ মিনিটে বিধ্বস্ত হয়।
.png)
বিবৃতিতে আরো জানিয়েছে, পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং সকাল সাড়ে ৯ টার দিকে তাকে উদ্ধার করে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিবৃতিতে উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রশংসা করা হয়েছে।
৮ম ফাইটার উইং কমান্ডার কর্নেল ম্যাথিউ বলেছেন, আমরা কোরিয়ার উদ্ধারকারী বাহিনী এবং আমাদের সব সতীর্থদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাদের কারণে পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।