ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২৪ জানুয়ারি ২০২৪
৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি
ভূমিকম্প - ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৫ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটের দিকে দেশটির আতাকামা মরুভূমিতে অবস্থিত কালামা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের তারাপাকা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউরো–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।

Advertisement

এদিকে চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল কালামা থেকে ৩৭ কিলোমিটার উত্তর–পূর্বে।

চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পটি চিলির উপকূলে সুনামির সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।

এর আগে, ১৯৬০ সালের মে মাসে চিলিতে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে ৯ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প চিলির ইতিহাসে সবচেয়ে বড়। এতে ৩০ ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়েছিল। ধ্বংস হয় অসংখ্য গ্রাম। এ দুর্যোগে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে নানা মত রয়েছে। তবে কমপক্ষে ২ হাজার মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে চিলির একটি ঘুমন্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠে। সেই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত শুরু হয় লাভা উদ্‌গিরণ। গোটা এলাকা ছেয়ে যায় ধোঁয়ায়। লাভা উদ্‌গিরণের ফলে আকাশের দিকে ২০ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠে যায় ধোঁয়া-ছাই।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!