রোববার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই তাঁবু ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিলেন।
.png)
আল-কাসেম ব্রিগেডস বলেছে, ‘আজ রোববার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে তিনটি সেনাবিধ্বংসী (এন্টি-পারসোনেল) বিস্ফোরক স্থাপন করে এবং ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে ৬০ ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের জুহোর অ্যাড-দিক অঞ্চলে এই অভিযান চালানো হয়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গিয়েছিল; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়।
আল-কাসেমের বিবৃতির পর এখন পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল। তবে রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেয়া আরো দুই সেনা নিহত হয়েছে।
গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে চলা অস্থায়ী সাতদিনের যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গাজায় ফের নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে তারা। ইসরায়েলের এ হামলায় গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি শেষে হামাসও গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করেছে।
যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ হাজারের বেশি মানুষ। যাদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।