সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মনিকা খান্না নামে এক তরুণী অনলাইনে কিছু শুকনো খাবার অর্ডার করেছিলেন। তিনি নিশ্চিত ভাবে জানতেন না সেগুলি কবে আসবে। জিনিসগুলি যে দিন আসে, ঘটনাচক্রে সে দিন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে উপস্থিত না থাকার সময় ডেলিভারি দিতে আসেন ওই যুবক।
সিসিটিভিতে দেখা গেছে, কাঁধে বড় একটা ব্যাগ, পায়ে হাওয়াই চপ্পল, ছিপছিপে চেহারার এক যুবক মনিকার দরজার সামনে এসে দাঁড়ান। তারপর কলিংবেলে হাত রাখেন। কয়েক বার বেল বাজানোর পরেও কেউ দরজা না খোলায় ওই যুবক প্রথমে চলে যাচ্ছিলেন। কিন্তু ফুটেজে দেখা যায়, কয়েক সেকেণ্ড পরেই তিনি ফিরে আসেন। তারপর চারপাশে ভাল করে চোখ বুলিয়ে নিচু হয়ে দরজার সামনে থাকা একজোড়া জুতা হাতে তুলে নেন। তারপর ধীর পায়ে নীচে চলে যান।
.png)
এই ঘটনার কয়েক ঘণ্টা পরে মনিকা বাড়ি ফেরেন। প্রথমে জুতা চুরির বিষয়টি তিনি খেয়াল করেননি। রাতে তার একটি নিমন্ত্রণ ছিল। বেরোনোর সময় জুতা পরতে গিয়ে তিনি দেখেন, সেটি হাওয়া। কিছুদিন আগেই খুব শখ করে কয়েক হাজার টাকা খরচ করে জুতাটি কিনেছিলেন তিনি। বিকেলে বেরোনোর সময়ও দরজার সামনেই দেখে যান। অল্প সময়ের মধ্যে কী করে জুতাজোড়া উধাও হয়ে যেতে পারে, মনিকা বুঝতে পারছিলেন না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন জুতা পেলেন না তখন সিসিটিভি দেখার কথা মাথায় আসে। আর সেই ফুটেজ দেখেই প্রকৃত ঘটনা জানা যায়।
জুতা চুরির অভিযোগে ওই যুবককে থানায় টেনে নিয়ে যেতে চান না তিনি। তবে ওই যুবক যে অনলাইন সংস্থার কর্মী, সেখানে মেল করে একটি লিখিত অভিযোগ করেছেন মনিকা।