মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় ভূমিকম্প হয় দুপুর ২টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.২। ১৫ মিনিট পর হয় ৩.৮ মাত্রার আরো একটি ভূমিকম্প। তার ১৩ মিনিট পর হয় চতুর্থটি। তখন দুপুর ৩টা ১৯ মিনিট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সব থেকে তীব্র কম্পনের কেন্দ্র ছিল উত্তরাখণ্ডের জোশীমঠের ২০৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, লখনউয়ের ২৮৪ কিলোমিটার উত্তরে। মাটি থেকে পাঁচ মিটার গভীরে ছিল সেই কেন্দ্র।
.png)
এদিকে ভূমিকম্পের জেরে নেপালে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি। দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরে কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্ক ছড়ায় রাজধানীতে।
বহুতলের বাসিন্দারা রাস্তায় নেমে আসে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রসঙ্গত, রবিবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশে। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।
সূত্র: এনডিটিভি