ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বিদ্যুৎস্পৃষ্ট! জিমেই মৃত্যু যুবকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ২০ জুলাই ২০২৩
ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বিদ্যুৎস্পৃষ্ট! জিমেই মৃত্যু যুবকের
সক্ষম প্রুথি - ফাইল ছবি

জিমনেশিয়ামে শরীরচর্চা করতে গিয়েছিলেন এক যুবক। সেখানে হাঁটার যন্ত্র ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকা তিনি লুটিয়ে পড়েন। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন সেই যুবক।

গত মঙ্গলবার (১৮ জুলাই) ভারতের রাজধানী দিল্লির রোহিণী এলাকা এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মৃত যুবকের নাম সক্ষম প্রুথি (২৪)। সম্প্রতি বি.টেক সম্পূর্ণ করে তিনি গুরুগ্রামের একটি সংস্থায় চাকরি করছিলেন। রোহিণীর সেক্টর ১৯ এলাকার বাসিন্দা ওই যুবক প্রতি দিন সেক্টর ১৫ এলাকায় একটি জিমে শরীরচর্চা করতে যেতেন। ঘটনার দিন সকাল ৭টা নাগাদ জিমে আচমকা অচেতন হয়ে পড়েন।

Advertisement

হাঁটতে হাঁটতে ট্রেডমিলের উপরেই লুটিয়ে পড়েছিলেন সক্ষম। সেখানে উপস্থিত অন্যরা এসে তাকে ধরাধরি করে তোলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা যুবকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাতে জানা যায়, ট্রেডমিলটি কোনও ভাবে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ ওই জিমের মালিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কী ভাবে জিমের ট্রেডমিলে এমন মরণফাঁদ তৈরি হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!