ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টমেটো বেচে এক মাসেই কয়েক কোটি টাকার মালিক কৃষক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২০ জুলাই ২০২৩
টমেটো বেচে এক মাসেই কয়েক কোটি টাকার মালিক কৃষক
কৃষক ঈশ্বর গায়কর

মাত্র এক মাসের ব্যবধানে টমেটো বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন এক কৃষক। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

ঐ কৃষকের নাম ঈশ্বর গায়কর (৩৬), থাকেন পুনেতে। গত ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টমেটো বিক্রি করে তিনি কামিয়েছেন প্রায় ৩ কোটি রুপি।

ঈশ্বর গায়কর জানান, এবার তিনি ১২ একর জমিতে টমেটোর চাষ করেছেন। অথচ দাম কম থাকায় মে মাসে তাকে প্রচুর পরিমাণ টমেটো নষ্ট করে ফেলতে হয়েছে, তখন চাষের জমি ছিল এক একর। কিন্তু তিনি দমে যাননি। খামারের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি পরিশ্রম চালিয়ে যান ও আবাদের পরিমাণ বাড়ান।

গায়কর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, এই সময়কালে (১১ জুন-১৮ জুলাই) তিনি ১৮ হাজার ক্রেট (প্রতি ক্রেটে ২০ কেজি) টমেটো বিক্রি করেছেন। তিনি সর্বোচ্চ প্রতি কেজি টমেটোর দাম পেয়েছেন ১১০ রুপি।

Advertisement

খামারে থাকা অবশিষ্ট টমেটো বিক্রি করে আরো ৫০ লাখ রুপি কামানোর আশা গায়করের। তার ধারণা, সেখানে আরো চার হাজার ক্রেট টমেটো রয়েছে। গায়কর বলেন, এসব টমেটো তিনি স্থানীয় নারায়ণগাঁ বাজারে বিক্রি করেন।

গায়কর বলেন, গত মে মাসে তাকে প্রতি কেজি টমেটো বিক্রি করতে হয়েছে মাত্র আড়াই রুপিতে। খরচ না পোষায় তিনি অনেক টমেটোই ফেলে দিয়েছেন। এটাই তার প্রথম লোকসানের ঘটনা নয়। এর আগে ২০২১ সালে টমেটো চাষ করে তাকে ১৫ থেকে ১৬ লাখ রুপি লোকসান গুনতে হয়েছে। গত বছরও তিনি খুবই সামান্য লাভ পেয়েছিলেন। তিনি বলেন, এত লোকসানের পরও আমি থেমে থাকিনি। খামারে উৎপাদন বাড়িয়েছি।

গায়করের মতো না হলেও আরো অনেক কৃষক টমেটোর বাড়তি দামে লাভবান হয়েছেন। যেমন সেখানকার রাজু মহালে। তিনি কামিয়েছেন ২০ লাখের বেশি রুপি। নারায়ণগাঁ বাজারের টমেটো ব্যবসায়ী আকাশ রায় বলেন, তার ব্যবসার বয়স ১৫ বছর। কিন্তু টমেটোর এমন আকাশচুম্বী দাম এর আগে তিনি কখনো দেখেননি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!