ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাঁচ তারকা হোটেলে দুই বছর, বিলের ৫৮ লাখ না দিয়েই গায়েব!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ২৩ জুন ২০২৩
পাঁচ তারকা হোটেলে দুই বছর, বিলের ৫৮ লাখ না দিয়েই গায়েব!
ছবি: প্রতীকী

ভারতের রাজধানী দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে কোনো ধরনের বিল না দিয়ে দুই বছর অবস্থান করেন এক ব্যক্তি। বিল না দিয়ে হোটেল ত্যাগ করার ফলে ৫৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটিতে রোসেট হাউস নামের এই বিলাসবহুল হোটেলটি অবস্থিত। এ ঘটনায় তারা বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশও তদন্ত করছে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালের ৩০ মে হোটেলে চেক ইন করেন অঙ্কুশ দত্ত নামের ওই ব্যক্তি। পরেরদিন চেক আউট করার কথা ছিল তার। যদিও ৬০৩ দিন পর ২০২১ সালের ২২ জানুয়ারি হোটেল ছাড়েন তিনি। এতে তার বিল আসে ৫৮ লাখ টাকা। যা না দিয়েই হোটেল ছাড়েন তিনি।

হোটেলের পক্ষে বিনোদ মালহোত্রা বলেন, ‘অনেক টাকা বিল হলেও এক পয়সা শোধ করেননি অভিযুক্ত অঙ্কুশ দত্ত। এ ঘটনায় বেশ কয়েকজন হোটেলকর্মীও জড়িত। তাদের সাহায্য ছাড়া এ কাজ সম্ভব ছিল না। জড়িতদের অন্যতম ফ্রন্ট অফিস বিভাগের প্রধান প্রেম প্রকাশ। তিনি হোটেলের সফটওয়্যারে ঢুকে ভুয়া এন্ট্রি করে এ কাজটি করেন। সম্ভবত অঙ্কুশের থেকে টাকা খেয়েই এই কাজ করেছিলেন প্রেম প্রকাশ।’

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!