৯ মাসের মিশন শেষে ফিরলো চীনের গোপন মহাকাশযান
দীর্ঘ ২৭৬ দিন কক্ষপথে থাকার পর মনুষ্যবিহীন চীনা গোপন একটি মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছে।
সোমবার (৯ মে) এই পরীক্ষামূলক মহাকাশযানটি উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ বেসে অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
কক্ষপথে মহাকাশযানের ৯ মাসের দীর্ঘ যাত্রা এবং সফলভাবে ফিরে আসাকে পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির ওপর চীনের গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। মহাকাশযানটি আসলে কী ছিল, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যানটি কতটা উঁচুতে উড়েছে, এমনকি যানটি কোথায় গিয়েছিল– এসব তথ্য গোপন রাখা হয়েছে।
আরো পড়ুন>> ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানে সেনানিবাসে হামলা
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের এই গবেষণা ভবিষ্যতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আরও সুযোগ-সুবিধা এবং কম খরচে রাউন্ড-ট্রিপ পদ্ধতির সুফল দেবে। ২০২২ সালের আগস্টে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।