ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাত্র ২৩ ডলার চুরি করে ১৪ বছর ধরে গুহায় আত্মগোপন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ৪ মার্চ ২০২৩
মাত্র ২৩ ডলার চুরি করে ১৪ বছর ধরে গুহায় আত্মগোপন!
ছবি: সংগৃহীত

টাকা, স্বর্ণ বা মূল্যবান জিনিস চুরি করে কিছুদিনের জন্য আত্মগোপনে চলে যায় বেশির ভাগ দৃষ্কৃতকারীরাই। তবে চুরির অর্থের পরিমাণ যদি হয় মাত্র ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার টাকারও কিছু কম, তাহলে মোটামুটি অবস্থা সম্পন্ন কোনও মানুষ খুব একটা বিচলিত হবেন না। কিন্তু এই অর্থ চুরি করে কেউ যদি ১৪ বছরের জন্য গুহাবাসে চলে যায়, নিঃসন্দেহে অনেকে অবাক হবেন।

এরকমই অদ্ভূত এক ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে। ২০০৯ সালে একটি গ্যাস স্টেশন থেকে মাত্র ১৫৬ ইউয়ান বা প্রায় ২৩ ডলার চুরি করে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ের একটি গুহায়। কয়েক দিন বা মাস নয়, এমনকি অল্প কয়েক বছরের জন্যও নয়, একদম ১৪ বছরের জন্য গুহাবাসে থাকে সে।

চীনের হুবেই প্রদেশের এক গ্রামের বাসিন্দা ছিলেন ৩৫ বছর বয়সী লিউ মৌফু। শ্যালক ও আরেক সঙ্গী নিয়ে ২০০৯ সালে একটি গ্যাস স্টেশনে চুরি করে লিউ। চুরি করে পায় মাত্র ১৫৬ ইউয়ান, যার ৬০ ইউয়ানই খরচ হয় পালানোর পরে খাওয়া-দাওয়াতে। বাকি অর্থ ভাগাভাগির পর একেকজনের কাছে থাক মাত্র ৩২ ইউয়ান বা সাড়ে চারশ' টাকা।

Advertisement

পালানোর পরে তিনজন তিন জায়গায় আত্মগোপন করে। শিগগিরই লিউয়ের দুই সঙ্গীকে ধরে হাজতে নিয়ে যায় পুলিশ। উপায় না দেখে প্রত্যন্ত অঞ্চলের এক পাহাড়ের গুহায় আত্মগোপন করে সে। হাজতবাস থেকে বাঁচতে এরপর নিজের বানানো হাজতেই ১৪ বছর কাটায় সে!

আরো পড়ুন>> বাখমুত শহর প্রায় ঘিরে ফেলেছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা

এই ১৪ বছরে শুধু খাবার যোগাতে গুহা থেকে বের হতো সে। মাঝে মাঝে নিজ বাসায় ঢুকেও মাংস, আলুসহ বিভিন্ন খাবার চুরি করে কয়েক মিনিটের জন্য ঘুমন্ত বাবা-মাকে দেখেই আবার গুহায় ফিরত। এই কারণে ছেলের বিয়ে, এমনকি বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও যেতে পারেনি সে। অবশেষে ৫০ বছর বয়সে এসে একাকীত্ব আর সহ্য না করতে পেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পন করে লিউ বলে, ‘আমার একটি ফুটফুটে নাতি আছে, আমার বউয়েরও শারীরিক অবস্থা খুব একটা ভালো না। এখন একটি স্বাভাবিক জীবন চাই আমি’।

তবে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও শাস্তি থেকে রেহাই দেওয়া হয়নি তাকে। ১৪ বছর পালিয়ে নিজসৃষ্ট কারাগারে থেকে এবার তিন বছরের সত্যিকার কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। এতদিন তার পরিবার তার গুহার ঠিকানা জানত কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। 

সূত্র: ওডিটি সেন্ট্রাল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!