স্মরণসভায় শোকাতুর স্বজনদের সঙ্গে কথা বললেন মৃত নারী
স্মরণসভায় যোগ দিতে আসা শোকাতুর আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলছেন মৃত এক নারী। ঘটনাটি অবাস্তব মনে হলেও এমনটি দাবি করা হচ্ছে। মূলত ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ‘হলোগ্রাফিক’ ভিডিও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এভাবে অবাস্তবকে বাস্তব করে দেখালেন বিজ্ঞানীরা।
এ বছরের জুন মাসে নটিংহামের ব্যাবওয়ার্থে মারা যান মেরিনা স্মিথ এমবিই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।
২৯ জুলাই মেরিনার আত্মার শান্তি কামনা করে এক স্মরণসভার আয়োজন করেন পরিবারের সদস্যেরা। এ স্মরণসভায় যোগ দিতে এসে হতবাক হন আত্মীয়-স্বজনরা। তারা দেখেন সামনের পর্দায় তাদের সঙ্গে কথা বলছেন মৃত মেরিনা।
জীবন ও আধ্যাত্মিকতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যদের প্রশ্নের উত্তর দেন মেরিনার ‘হলোগ্রাফিক’ অবয়ব।
এ সপ্তাহ থেকে যুক্তরাজ্যে এই প্রযুক্তিটি জনসাধারণের হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে। মেরিনার ছেলে স্টিফেন স্মিথ এ প্রযুক্তির উদ্ভাবক। স্টিফেন লস অ্যাঞ্জেলস-ভিত্তিক এআই সংস্থা স্টোরিফাইলের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও।
স্মিথ জানান, তার মায়ের এ হলোগ্রাম আত্মীয়-পরিজনদের মধ্যে চমক সৃষ্টি করেছে। এ প্রযুক্তির সাহায্যে মানুষ তাদের প্রিয়জনদের স্মৃতি সবসময় রেখে দিতে পারবেন।