ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মাইন বিস্ফোরণে মালিতে ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ৬ জুলাই ২০২২
মাইন বিস্ফোরণে মালিতে ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত
উত্তর মালির গাও শহর ও তেশালিত গ্রামের মধ্যবর্তী সড়ক- ছবি: সংগৃহীত

মালির উত্তরাঞ্চলে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে উত্তর মালির গাও শহর ও তেশালিত গ্রামের মধ্যবর্তী সড়কে ঘটনাটি ঘটে। হতাহত সবাই মিশরের নাগরিক।

মালিতে নিযুক্ত শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসএমএ জানিয়েছে, শান্তিরক্ষীদের বহনকারী সাঁজোয়া যান সড়কে পুতে রাখা একটি মাইনের উপর উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়।

এমআইএনইউএসএমএ’র এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী আহত হওয়ার পর দুই শান্তিরক্ষীর মৃত্যু হয় এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এক দশক আগে পশ্চিম আফ্রিকার দেশ মালির বৃষ্টিহীন শুষ্ক উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। সম্প্রতি জঙ্গিরা হামলা জোরদার করেছে এবং তাদের দখল করা এলাকার পরিধিও বেড়েছে। আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাহারা মরুভূমির দক্ষিণে সাহেল অঞ্চলজুড়ে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এমআইএনইউএসএমএ’র অধীনে মালিতে বর্তমানে প্রায় ১২ হাজার ২০০ শান্তিরক্ষী মোতায়েন আছে। ২০১৩ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন আক্রমণে অন্তত ১৭৪ শান্তিরক্ষী নিহত ও ৪২০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!