ইউক্রেনে অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করতে রাশিয়া বাধ্য হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শুরু করার সিদ্ধান্ত কঠিন ছিল। তবে তা করতে আমাদের বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, পূর্ব ইউক্রেনের দনবাসে আমাদের জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। সেখানে আমাদের জনগণের ওপর গণহত্যা চালানো হচ্ছিল এবং অস্ত্র জুগিয়ে এ কাজে কিয়েভকে এগিয়ে দিচ্ছিল পশ্চিমা দেশগুলো।
দনবাসে রুশ ভাষাভাষী ওই জনগণকে রক্ষায় যে অভিযান রাশিয়া শুরু করেছে, সেটা সফল হবে এবং তাতে ‘কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেন রুশ রাষ্ট্রপ্রধান।
আরো পড়ুন>> ইউক্রেনে ৬৪ দেশের ২০০০ ভাড়াটে সেনা নিহত
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারাও নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন পুতিন।
তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর ৪০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষতি করতে পারে।
ইউক্রেন ইইউর সদস্য পদ লাভে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপের মানুষের ‘প্রকৃত স্বার্থকে’ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে ইইউর প্রার্থীর মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে। ইইউপ্রধান উরসুলা ফন ডার লেইন বলেছেন, ‘ইউক্রেনীয়রা দেখিয়েছে তারা তাদের ইউরোপীয় জোটে যুক্ত হওয়ার আশা পূরণের জন্য মরতেও প্রস্তুত। ’
সূত্র: ডয়চে ভেলে