ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চা বাগান থেকে আচমকাই ঘাড়ে লাফিয়ে পড়ল ২ চিতাবাঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ২৪ মে ২০২২
চা বাগান থেকে আচমকাই ঘাড়ে লাফিয়ে পড়ল ২ চিতাবাঘ
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের ডুয়ার্সসহ জলপাইগুড়ি জেলায় চিতাবাঘের হামলা নতুন কোনো বিষয় নয়। এবার একসঙ্গে জোড়া চিতাবাঘের হামলা হলো বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে। শ্রমিকদের তাড়ায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত চা শ্রমিক। 

ভারতের গণমাধ্যম স্থানীয় সূত্রে জানিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও গয়েরকাটা চা বাগানে চা পাতা তোলার কাজ চলছিল। এদিন দুপুর ২টা নাগাদ গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নং সেকশনে চা পাতা তুলছিলেন সরস্বতী বিশ্বাস(২৪)। সেই সময় চা বাগান থেকে আচমকাই ২ চিতাবাঘ লাফিয়ে পড়ে তার ওপর। চিতাবাঘের ধারাল নখে মাথা ও কপালের অনেক গুরুতর জখম হয়েছে। হামলার সময় দুটি চিতাবাঘের সঙ্গে লড়াই চালিয়ে যান সরস্বতী। তার চিৎকার শুনে অন্যান্য চা শ্রমিকেরা ছুটে এলে চিতাবাঘ দুটি পালিয়ে যায়। 

সংগৃহীত ছবি

এদিন বাগান কর্তৃপক্ষ প্রথমে চা বাগান হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করিয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেন। এরপর বনদফতরের উদ্যোগে তাকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। চা বাগানের তরফে বাগানে ফাঁদ পাতার বিষয়ে বনদফতরকে অনুরোধ জানানো হয়েছে। 

হাসপাতালের বেডে শুয়ে সরস্বতী বিশ্বাস বলেন, চা পাতা তুলছিলাম। আচমকাই ২টি চিতাবাঘ একসঙ্গে আমার উপর লাফিয়ে পড়ে। মাথায় ও মুখে থাবা বসায়।

বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান, সরস্বতী বিশ্বাস নামে এক নারীশ্রমিক এদিন চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় আহত হন। আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। তার চিকিৎসার খরচের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন দুটি নয় একটি চিতাবাঘ তার উপর হামলা চালিয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বাঘ
লিংক সফলভাবে কপি হয়েছে!