ইউক্রেনে আরো হামলার হুঁশিয়ারি রাশিয়ার
ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে কিয়েভে আরো হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ‘সন্ত্রাসী হামলা’ বা ‘নাশকতা’ কাজের প্রতিশোধ নিতে হামলা আরো তীব্রতর হতে পারে।
রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ক্রজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার শহরের একটি কারখানায় আঘাত করেছে, যেটি আকাশ প্রতিরক্ষা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এ প্ল্যান্টে হামলার মাধ্যমে তাদের দূর ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়।
এর আগে, মস্কভা মিসাইল ক্রুজার নামে যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে রাশিয়া। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ঐ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনারা। তবে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় প্রবল প্রতিরোধের মুখে পড়ে তারা।