ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ১ এপ্রিল ২০২২
কাশ্মীরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি খাদে, নিহত ৯
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় একটি গাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।

সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন: রুবলে মূল্য পরিশোধ না করলে গ্যাস দেবে না রাশিয়া

পুলিশ সূত্রে জানানো হয়েছে, একটি টাটা সুমো গাড়ি উপত্যকাটির মুরা নামক একটি গ্রাম থেকে আসছিল। তবে ওই পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির যাত্রীরা একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। তবে সেই আনন্দ অনুষ্ঠানের রেশ রাতারাতি পরিণত হলো গভীর শোকে।

জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরো ৩ জন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা সংক্রান্ত সব রকম সাহায্য করা হচ্ছে।

স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, আহত এবং মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: কাশ্মীর
লিংক সফলভাবে কপি হয়েছে!