চালকের আসনে ১৩ বছরের বালক, মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে কলেজ গলফ টিমবাহী একটি গাড়ির সঙ্গে অপর একটি পিকআপ ট্রাকের ধাক্কায় নয় জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছর বয়সী এক বালক চালাচ্ছিল।
বৃহস্পতিবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, গত মঙ্গলবার মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুইটি আগুন ধরে যায়। এই ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনটিএসবি এর ভাইস চেয়ারম্যান ব্রুস ল্যান্ডসবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পিকআপ ট্রাকের চালকের আসনে ছিল ১৩ বছরের এক বালক’। তিনি জানান, ট্রাকটির সামনের বাঁ-পাশের চাকা ফেটে গেলে এটি বাঁ-দিকে ঘুরতে শুরু করে আর বিপরীত পাশের লেনে ঢুকে যায়।
আরো পড়ুন>> চীনে মিলল নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান
ব্রুস ল্যান্ডসবার্গ বলেন, ‘এটা ছিল দ্রুত গতিতে চলতে থাকা দুই ভারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ’।
নিউ মেক্সিকোর ইউনিভার্সিটি অব সাউথইস্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়িতে তাদের গলফ টিমের নয় সদস্য ছিলেন। এরমধ্যে সাত জন নিহত হয়েছেন। বাকি দুই জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া ওই দুর্ঘটনায় ট্রাকটির চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।
সূত্র: এনসিবিসি নিউজ