পশ্চিমাদের শতাধিক প্লেন জব্দ করলেন পুতিন
ইউক্রেনে অভিযানের ফলে রাশিয়ান বিভিন্ন সংস্থা ও ধনকুবেরদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইন্স চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রথম থেকেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেন। সে ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন জব্দ করছে রাশিয়া।
জানা গেছে, গত সোমবার একটি আইনে স্বাক্ষর করেছেন পুতিন। যার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোম্পানিগুলোর শত শত বিমানের নিয়ন্ত্রণ নিচ্ছে রুশ বিমান সংস্থাগুলো।
রয়টার্সের প্রতিবেদন মতে, পশ্চিমাদের ওই সব বিমান এখন রাশিয়ার বিমান সংস্থাগুলোর নামে নিবন্ধন করা হবে এবং এরপর অভ্যন্তরীণ রুটে চালু করা হবে।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলেছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। এ আইনের ফলে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে লিজ নেয়া কয়েকশ বিমান নিবন্ধন করে নেয়ার সুযোগ পেয়েছে রুশ এয়ারলাইনসগুলো।
আরো পড়ুন>> তরুণীকে ৮০০ বারের বেশি কামড়, মুখ-চেহারা খুবলে খেল হিংস্র দুই কুকুর
রাশিয়ার নতুন এই আইনের মাধ্যমে বিদেশি কোম্পানির কাছ থেকে লিজ নেয়া এসব বিমান রেখে দিয়ে রাশিয়ার অভ্যন্তরীণ রুটে পরিচালনা করতে পারবে রুশ এয়ারলাইনসগুলো। একইসঙ্গে রুশ সরকারের অনুমোদন ছাড়া বিদেশি কোম্পানিগুলো তাদের বিমান পুনরুদ্ধার করতে ও দেশে ফিরিয়ে নিতে পারবে না।
ইউক্রেন অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, রাশিয়ায় লিজ দেওয়া বিমানগুলো চলতি মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার আগেই পশ্চিমা বিমান জব্দের পদক্ষেপ নেয় রাশিয়া।