ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কৌশলগতভাবে ভলনোভাখা শহর দখল নিল রুশপন্থীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ১১ মার্চ ২০২২
কৌশলগতভাবে ভলনোভাখা শহর দখল নিল রুশপন্থীরা
ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরইমধ্যে ইউক্রেনের দুই প্রান্তের দুইটি পৃথক শহরে হামলার পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাংকিভস্ক শহরেও আক্রমণ শুরু করেছে রুশ সামরিক বাহিনী। শহরটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো সেখানকার দক্ষিণ-পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের কথা জানিয়েছে।

এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ভলনোভাখা দখলে নিয়েছে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। মারিউপোল বন্দরের উত্তরে এটি অবস্থিত। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাংকিভস্ক শহরে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। হামলার সময় শহরের দক্ষিণ-পশ্চিম অংশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

এর আগে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুতস্ক এবং পূর্বাঞ্চলীয় দিনিপরো শহরে শুক্রবার সকালে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। দিনাইপার নদীর তীরে অবস্থিত দিনিপরো শহরটি মধ্য-পূর্ব ইউক্রেনের একটি প্রধান দুর্গ বলে পরিচিত। পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম শহর দুইটিতে হামলা করল রুশ সেনারা।

এদিকে লুতস্ক এবং  ইভানো-ফ্রাংকিভস্ক শহরে হামলার তথ্য নিশ্চিত করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অতি-নির্ভুল, দূরপাল্লার আক্রমণ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোর দুইটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!