অবশেষে ভোল পাল্টালেন জেলেনস্কি, এবার দোষারোপ করলেন ন্যাটোকেই
এবার নিজের সিদ্ধান্তকে পাল্টালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সঙ্গে যোগদানের কারণে নিজের দেশ যুদ্ধের ময়দানে পরিণত হয়। আর এ কারণে তিনি এবার সেই ন্যাটোকেই দোষারোপ করলেন।
শুক্রবার শেষ বেলায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেলেনস্কি বলেন, যে ইউক্রেনবাসীরা এখন থেকে মারা যাবেন তারা আপনাদের কারণেই মারা যাবেন। ইউক্রেনের উপর বিমান চলাচলে নিষেধাজ্ঞা (নো-ফ্লাই জোন) জারি না করায় ন্যাটোর এমন সিদ্ধান্তকে এভাবেই সমালোচনা করলেন।
এসময় তিনি আরো বলেন, আজকে ন্যাটো শীর্ষ সম্মেলন ছিল, এটি একটি দুর্বল ও বিভ্রান্ত শীর্ষ সম্মেলন। এটি এমন একটি সম্মেলন ছিল যেখানে একথা পরিষ্কার হয়েছে যে, ইউরোপের স্বাধীনতা রক্ষার লড়াইকে সবাই এক নম্বর লক্ষ্য হিসেবে বিবেচনা করছে না।
প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, নো ফ্লাই জোন গঠনে অস্বীকৃতি জানিয়ে আজকে ন্যাটো জোটের নেতারা ইউক্রেনের শহর এবং গ্রামগুলোর ওপর আরো বোমাবর্ষণের সবুজ সংকেত দিয়েছেন। আজকের পর থেকে যত মানুষ মারা যাবে তারা সবাই আপনাদের কারণেই মরবেন, এ সমস্ত মানুষ মারা যাবে আপনাদের দুর্বলতা ও অনৈক্যের জন্য।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনের ওপর গণহত্যা বন্ধের লক্ষ্য নিয়ে অভিযান শুরু হয়েছে। পুতিন বলেন, দোনবাস এলাকার জনগণ গত আট বছর ধরে চরম দুর্ভোগ এবং গণহত্যার শিকার।