নিন্দা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
ইউক্রেনে হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শনিবার ভোরে নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বিতর্ক হওয়ার পর রুশ কর্মকর্তারা এ পদক্ষেপ নেন।
আরো পড়ুন: কিয়েভজুড়ে গোলাবর্ষণ শুরু, সামরিক ঘাঁটিতে হামলা রাশিয়ার
এর আগে ১১টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোট দেওয়া থেকে বিরত ছিল।
আশা করা হচ্ছে, খসড়া প্রস্তাবটি এবার ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা হবে।
রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা পাঁচ সদস্য হচ্ছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।