উড়তেই রানওয়েতে আছড়ে পড়ল ইঞ্জিনের ঢাকনা!
ভারতের মুম্বাই থেকে গুজরাটের উদ্দেশ্যে উড়াল দেয় একটি যাত্রীবাহী বিমান। কিন্তু বিমানটি উড্ডয়নের পরপরই খুলে পড়ে সেটির ইঞ্জিনের ঢাকনা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মনে।
বুধবার দেশটির মুম্বাই বিমানবন্দরে দ্য অ্যালায়েন্স এয়ার-এর একটি বিমানে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এটিআর ৭২-৬০০ বিমানটি ৭০ জন যাত্রী নিয়ে গুজরাটের উদ্দেশে রওনা হয়। রানওয়ে থেকে ওড়ার পরই হঠাৎই ইঞ্জিনের ঢাকনা খুলে নীচে পড়ে যায়। আর সেই অবস্থাতেই গন্তব্যস্থলের দিকে উড়ে যায় বিমানটি। বিষয়টি নজরে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সঙ্গে সঙ্গে তারা পাইলটকে সতর্ক করে দেন।
আরো পড়ুন>> চোখে পেরেক গেঁথে, পা দিয়ে শ্বাসরুদ্ধ করে ১০ বছরের শিশুকে হত্যা!
ডিজিসিএ-র সূত্র বলছে, ঢাকনা ছাড়া বিমান চললে তার ইঞ্জিনের উপর প্রচণ্ড প্রভাব পড়ে। ফলে দুর্ঘটনার একটা সম্ভাবনাই থেকে যায়। কিন্তু এ ক্ষেত্রে সৌভাগ্যবশত নিরাপদেই গন্তব্যস্থলে পৌঁছেছে বিমানটি।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। বিমানের ইঞ্জিনের ঢাকনা খুলে গেলে সমূহ বিপদের যে আশঙ্কা থাকে তার তোয়াক্কা না করে কী ভাবে পাইলট এত জন যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন? যদিও বিমানের মেরামতির খারাপ মানকেই এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডিজিসিএ।