যুক্তরাষ্ট্রে কোভিডে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়ালো
কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনাভাইরাসের তাণ্ডব। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরইমধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটিতে করোনাভাইরাস মহামারী দুঃখজনক এ নতুন মাইলফলকে পৌঁছায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটিতে ওমিক্রনের সংক্রমণ বিস্তার প্রাধান্য বিস্তার করার মধ্যেই ১২ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি। তবে এক্ষেত্রে ওমিক্রনের চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দায় সম্ভবত বেশি বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।
আরো পড়ুন>> মিয়ানমারে দুই গ্রামের পাঁচ শতাধিক বাড়ি-ঘরে আগুন দিল সেনারা
প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও ডেল্টার মতো করোনাভাইরাসের আগের ধরনগুলোর মতো এটি তেমন গুরুতর অসুস্থতার কারণ হয়নি। কিন্তু বিপুল সংখ্যক মানুষ ওমিক্রনে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে, এতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাগুলোর ওপর সৃষ্ট চাপ অনেক ক্ষেত্রেই সীমায় পৌঁছে গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাদের অধিকাংশই হয় টিকা নেননি বা আগে থেকেই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার পর্যন্ত রয়টার্সের টালি অনুযায়ী, দেশটিতে ২০২০ সালের প্রথমদিকে কোভিড-১৯ এর প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ৪ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা রাজ্যের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
আরো পড়ুন>> ৮০ গুণ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, হুমকির মুখে শত কোটি মানুষ
দেশটির প্রায় ২৫ কোটি নাগরিক করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে টিকা নিতে অনীহ নাগরিকের সংখ্যাও অনেক। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের প্রথম বছরটি মহামারীর পেছনে ছুটতে ছুটতেই পার হয়েছে।
চলমান মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র শীর্ষে আছে। এর পরে থাকা তিনটি দেশ রাশিয়া, ব্রাজিল ও ভারতে মোট মৃত্যু হয়েছে ১৮ লাখেরও বেশি কোভিড রোগীর। অবশ্য মাথাপিছু প্রাণহানিতে যুক্তরাষ্ট্র, পেরু ও রাশিয়ার চেয়ে অনেক পেছনে থেকে ২০তম স্থানে আছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাসটি।