পরিত্যক্ত মিলিটারি ক্যাম্প ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক
২০ বছর ধরে পরিত্যক্ত একটি মিলিটারি ক্যাম্প ঘিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সেখানে রাত হলেই ভেসে আসে কান্নার আওয়াজ, কখনো ভেসে আসে ঘুঙুরের শব্দ। সন্ধ্যা নামতেই শোনা যায় ধান ঝাড়ার শব্দ, মাঝরাতে কারা যেন ঝাঁপ দেয় পুকুরে।
আর ওই পরিত্যক্ত মিলিটারি ক্যাম্প ঘিরে এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, দিনের আলো নিভতেই ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না ক্যাম্পটির পাশে বাস করা স্থানীয়রা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরের প্রাচীন একটি মিলিটারি ক্যাম্প ঘিরেই ছড়িয়ে পড়েছে এ আতঙ্ক।
আরো পড়ুন>> ইয়েমেনে বন্দি শিবিরে সৌদি জোটের হামলার নিন্দায় জাতিসংঘ
১৯২০ সালে দেগঙ্গা বিশ্বনাথপুরে ছিল সেনাবাহিনীর থাকার জন্য ক্যাম্প। তারপর সেনাবাহিনী চলে গেলেও ৬৫ বিঘা জায়গার এই বিশাল বাড়িতে থাকত উদ্বাস্তুরা। তারা এই বাড়িতে বসবাস করতেন। অনেক উদ্বাস্তুর এখানে মৃত্যুও হয়েছে।
কয়েকজন উদ্বাস্তু যারা শেষপর্যন্ত ছিলেন, তারাও বছর বিশেক আগে চলে গেছেন। দীর্ঘদিন ধরে পড়ে থেকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই মিলিটারি ক্যাম্প।
আরো পড়ুন>> এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত
স্থানীয় বাসিন্দাদের দাবি, সূর্য ডুবতেই নানারকম আওয়াজ ভেসে আসে ওই বাড়িটি থেকে। হঠাৎ যেন মনে হয় কেউ চিৎকার করছে। কখনো মেলে ধান ঝাড়ার শব্দ। মাঝরাতে কখনো স্থানীয়রা শুনতে পান পুকুরে ঝাঁপ দেয়ার শব্দ।
কোনোরকম বাতাস না হলেও আচমকা জানলা-দরজা বন্ধ হওয়ার শব্দও শোনা যায়। কখনো আবার শোনা যায় কান্না কিংবা ঘুঙুরের আওয়াজ। যা রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে স্থানীয়দের। স্থানীয়দের দাবি, ভয়ঙ্কর সব আওয়াজে বাচ্চারা ভয়ে জবুথবু হয়ে যাচ্ছে। অমাবস্যা-পূর্ণিমার রাতে নাকি আরও ভয়ংকর হয় এই মিলিটারি ক্যাম্প।
আরো পড়ুন>> মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭
এলাকার বাসিন্দাদের থেকে জানা গেছে, পরিত্যক্ত এই ক্যাম্পটি অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়েছে। পুলিশের পক্ষ থেকে কয়েকবার সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারও করা হয়েছিল কয়েকজনকে।
স্থানীয়দের একাংশের দাবি, অসামাজিক কাজকর্ম চালানোর জন্য কিছু লোক পরিকল্পনামাফিক ভূতের আতঙ্ক ছড়াচ্ছে। বহু পুরোনো মিলিটারি ক্যাম্পের ঐতিহ্য বজায় রাখতে অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরুর দাবি এলাকাবাসীর।