ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২৬০৪ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২ জানুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২৬০৪ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

বড়দিনের ছুটির মধ্যে কোভিড পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ায় বিশ্বে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, শনিবার বিশ্বজুড়ে ৪ হাজার ৫২৯ ফ্লাইট বাতিল হয়েছে, এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই রেকর্ড ২ হাজার ৬০৪ ফ্লাইট স্থগিত হয়েছে।

কোভিড রোগীদের সংস্পর্শে আসায় অনেক ক্রু কোয়ারেন্টিনে আছেন, ফলে কর্মী সংকটে পড়ছে এয়ারলাইন্সগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রবল তুষারপাত যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে। শুধুমাত্র শিকাগোর ও’হেয়ার এবং মিডওয়ে বিমানবন্দরেই বাতিল করতে হয়েছে সহস্রাধিক ফ্লাইট।

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ওমিক্রন সংক্রমণে কর্মী সংকট এবং আবহাওয়াজনিত কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের সঙ্গে আগেভাগে যোগাযোগ করে তাদের যাত্রার সময় পুননির্ধারণ, ক্ষেত্র বিশেষে অন্য ব্যবস্থা করার কথা বলেছে এ এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রে রোববারও প্রবল তুষারপাত আর দমকা বাতাসের পূর্বাভাস থাকায় বড়দিনের ছুটি কাটিয়ে বাড়ি ফিরতে বিপত্তিতে পড়তে পারেন অনেকে।

ও’হেয়ার বিমানবন্দরে আটকা পড়া এক যাত্রী এবিসি নিউজকে বলেছেন, দীর্ঘ সময় কাটানোর মত অবস্থা সেখানে নেই।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত ১২ হাজারের বেশি ফ্লাইট স্থগিত হয়েছে।কর্মী সংকটের কারণে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এয়ারলাইন্সগুলো।

তবে ইউনিয়নগুলো বলছে, এভাবে কাজ করতে গিয়ে কর্মীদের কোভিড ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি ক্ষুব্ধ যাত্রীদের সামাল দিতে হচ্ছে তাদের।

করোনাভাইরানেস নতুন ধরন ওমিক্রনের ছোবলে যুক্তরাষ্ট্রে মহামারী পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটেছে। টিকাদানের হার ভালো হলেও নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!