ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রেমিককে আত্মহত্যা করতে বলে ফেঁসে গেলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২৪ ডিসেম্বর ২০২১
প্রেমিককে আত্মহত্যা করতে বলে ফেঁসে গেলেন প্রেমিকা
ছবি: অ্যালেক্সান্ডার উরতুলা ও ইনয়ং ইউ

যুক্তরাষ্ট্রের বোস্টনে একজন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তার প্রেমিকা। জানা গেছে, প্রেমিককে কয়েক হাজার বার্তা পাঠিয়েছিলেন ওই তরুণী। তার মধ্যে বহু বার্তায় প্রেমিককে আত্মহত্যা করার কথা বলেছেন তিনি। আর সেজন্যই তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।

দোষী সাব্যস্ত ইনয়ং ইউ আড়াই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এর পর ১০ বছর তাকে থাকতে হবে সংশোধনাগারে। তবে যদি তিনি সব পরীক্ষার শর্তাবলী মেনে চলতে পারেন, সে ক্ষেত্রে সংশোধনাগারে থাকার মেয়াদ এড়াতে পারবেন। তার মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা এবং দাতব্য কাজে যুক্ত থাকা।

বাদীপক্ষের আইনজীবী বলছেন, আত্মহত্যা করা ওই তরুণ অ্যালেক্সান্ডার উরতুলাকে দুই মাসে হাজার হাজার বার্তা পাঠিয়ে আত্মহত্যা করতে বলেছেন দোষী সাব্যস্ত তরুণী। একপর্যায়ে ২০১৯ সালের মে মাসে বোস্টনে আত্মহত্যা করেন উরতুলা। দেড় বছরের সম্পক তীক্ত পর্যায়ে গেলে প্রেমিকার প্ররোচণায় তিনি আত্মহত্যা করেছেন। এমনকি ওই তরুণ আত্মহত্যা করার কিছুক্ষণ আগেও প্রেমিকার কাছ থেকে নেতিবাচক বার্তা পেয়েছেন।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে মৃতের পরিবার। এক বিবৃতিতে পরিবারটির সদস্যরা জানান, এবার তারা সন্তানের শেষকৃত্য করবেন। তবে তরুণীর ব্যাপারে তাদের কোনো অনুভূতি না থাকার কথাও জানিয়েছেন।

এদিকে ২০১৯ সালে তরুণীর দাবি ছিল, প্রেমিককে আত্মহত্যা না করার কথা বলতে বলতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমনকি প্রেমিকের ভাইকেও এ ব্যাপারে জানিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু এতোদিনে এসে বিষয়টি উল্টো প্রমাণ হলো।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!