পশ্চিমবঙ্গে আতসবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজের নোদাখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন নোদাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় তৃণমূল নেতারা।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
এই ঘটনায় বাড়ির মালিক ৪৮ বছর বয়সী অসীম মণ্ডলসহ তার মামি কাকলি মিদদে এবং ওই কারখানার কর্মচারী অতিথি হালদার মারা গেছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী এক যুবক। এ ছাড়া বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে।
স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে আতসবাজি তৈরি হত। সেখানে বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছু দূরে।
একটি বাড়িতে বিপুল পরিমাণ বাজি তৈরির মসলা কীভাবে মালিক মজুদ করেছিলেন তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, কোনোভাবেই এই অবৈধ কারবার এলাকায় আর চলতে দেওয়া হবে না।