ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কারাদণ্ড থেকে বাঁচাতে চাচাকে দেশে ফেরালেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ১০ অক্টোবর ২০২১
কারাদণ্ড থেকে বাঁচাতে চাচাকে দেশে ফেরালেন সিরিয়ার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ তার চাচাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। কয়েক দশক ফ্রান্সে নির্বাসনে থাকার পর তাকে আবার দেশে ফেরত আসার অনুমতি দেয়া হয়। আসাদ তার চাচাকে চার বছরের কারাদণ্ড থেকে বাঁচাতে দেশে ফেরত আসার অনুমতি দিয়েছেন। শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের চাচার নাম রিফাত আল-আসাদ। বৃহস্পতিবার তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেন। সিরিয়ার সরকারপন্থী আল-ওয়াতান পত্রিকা তাদের ফেসবুক পেজে এমন তথ্য দিয়েছে।

ফ্রান্স-২৪ সংবাদপত্রের তথ্যানুসারে, সিরিয়ার সরকারি তহবিল আত্মসাৎ করার অভিযোগে ফ্রান্সের প্যারিস শহরের এক আদালত রিফাত আল-আসাদকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচার ও ফ্রান্সে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে।

রিফাতকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠান তার ভাই হাফেজ আল-আসাদ। কারণ, ১৯৮৪ সালে রিফাত তার ভাইয়ের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন।

এর আগে ১৯৮২ সালে রিফাত ছিলেন সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং তার ভাই হাফেজ আল-আসাদের ডানহাত। তিনি তার ভাইয়ের নির্দেশে সিরিয়ার হামা অঞ্চলে গণহত্যা চালিয়ে ১০ হাজার বেসামরিক ব্যক্তিকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের কারণে তাকে ‘হামার কসাই’ বলে অভিহিত করা হতো।

সূত্র: ডয়েচে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!