ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আবারো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইইউর মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১২ মে ২০২১
আবারো অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইইউর মামলা
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের টিকা সরবরাহে দেরি করার অভিযোগে যুক্তরাজ্য ও সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার বেলজিয়ামের আদালতে দ্বিতীয়বারের মতো মামলা করে ইইউ। এর আগে গত এপ্রিলের শেষে করোনাভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব করা হয় প্রতিষ্ঠানটি।

ইইউর আইনজীবী রাফায়েল জাফেরালি বলেন, চুক্তির শর্তানুযায়ী গত ডিসেম্বর থেকে জুন শেষ হওয়ার আগে ইইউকে টিকার ৩০ কোটি ডোজ সরবরাহের কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত পাঁচ কোটি ডোজ সরবরাহ করতে পেরেছে। 

তিনি আরো বলেন, আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ দেন।

অন্যদিকে এই মামলার বিষয়ে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী হাকিম বৌলারবাহ বলেন, ‘দ্বিতীয় মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। কারণ, এরই মধ্যে এ-বিষয়ে একটি মামলা চলমান রয়েছে।’

এ সময় ইইউর আইনজীবী প্রতিষ্ঠানটির কাছে জানতে চান, কীভাবে এটি টিকা তৈরির কাঁচামাল হিসাবে ইইউর দেয়া সাড়ে ২২ কোটি ইউরো খরচ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!