ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বোমা বিস্ফোরণে শীর্ষ জঙ্গি নিহত, যার মাথার দাম ৩০ লাখ ডলার 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩১, ৩০ জানুয়ারি ২০২১
বোমা বিস্ফোরণে শীর্ষ জঙ্গি নিহত, যার মাথার দাম ৩০ লাখ ডলার 
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের প্রধান মঙ্গল বাগ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের নানগরহর প্রদেশের আচিন জেলার ভান্ডারি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে তার আরো দুই সঙ্গীও নিহত হয়েছেন। মঙ্গল বাগের মাথার মূল্য ৩০ লাখ মার্কিন ডলার ধার্য করেছিল আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা আনদলু জানায়, বৃহস্পতিবার লস্কর-ই-ইসলাম জঙ্গি সংগঠনের প্রধান মঙ্গল বাগ ও তার দুই সঙ্গী একটি গাড়িতে করে যাচ্ছিল। হঠাৎ করেই নানগরহর প্রদেশের আচিন জেলার বান্দার ডারা এলাকায় রাস্তার ধারে থাকা একটি বোমা ফেটে যায়। এর ফলে মঙ্গল বাগ-সহ তিন জঙ্গি নিহত হন।

তেহেরিক-ই-তালিবান জঙ্গিদের ঘনিষ্ঠ মঙ্গল বাগের মৃত্যু নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল। তাই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি আফগানিস্তানের প্রশাসন। পরে বিষয়টি সত্যি বলে টুইট করে জানান নানগরহর প্রদেশের গভর্নর জিয়াউলহাক আমারখিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ২০০৬ সালে লস্কর-ই-ইসলাম নামে ওই জঙ্গি সংগঠনটি তৈরি করেছিল মঙ্গল বাগ। তারপর থেকে পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশ ও পশ্চিম পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় দেওবান্দী কট্টর ইসলামিক চিন্তাধারার প্রচার শুরু করেন তিনি। পরে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য মাদক পাচার, চোরাচালান, অপহরণ, ন্যাটোর কনভয়ে হামলা ও আফগানিস্তান এবং পাকিস্তানের ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় করত। ওই এলাকায় মঙ্গল বাগের মাথার মূল্য ৩০ লাখ মার্কিন ডলার ধার্য করেছিল আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!