ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিলেমিশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৮, ১৮ অক্টোবর ২০২৬
মিলেমিশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: এমপি হাফিজ ইব্রাহিম
দৌলতখানে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এক সভায় বক্তব্য রাখেন ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও আমরা সবাই বাংলাদেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। তাহলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

রোববার বিকেল থেকে দৌলতখানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের শাড়ি ও নগদ অর্থ তুলে দেন এমপি হাফিজ ইব্রাহিম। তার এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের পাশাপাশি সম্প্রীতির আবহ তৈরি হয়।

এমপি হাফিজ ইব্রাহিম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ভেদাভেদ নয়, বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক- এটাই আমার প্রত্যাশা।

এ সময় উপজেলা দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান, ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!