প্রেম মেনে নিয়েছে দুই পরিবার, বিয়ের আগে করুণ পরিণতি
শুভ কর-মৌ মণ্ডল প্রেমের সম্পর্কে জড়ানোর খবর দুই পরিবারের কাছে পৌঁছে যায়। তাদের সম্পর্ক মেনেও নিয়েছিল দুই পরিবার। চলছিল বিয়ের কর্থাবার্তা। উভয়ই বুনছিলেন সংসারের স্বপ্ন। কিন্তু বিয়ের আগেই করুণ পরিণতির শিকার হয়েছেন শুভ-মৌ যুগল। বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় চুর্ণবিচূর্ণ হয় তাদের সংসারের স্বপ্ন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ভারতের ঝাড়গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পূজার বাজার হয়ে দহিজুড়ি ফিরছিলেন শুভ ও মৌ। পথিমধ্যে বেতকুন্দ্রিতে ৫ নম্বর রাজ্য সড়কে মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ঝাড়গ্রামগামী একটি পিকআপ ভ্যান চলে আসে। পিকআপ ভ্যানের চালক ও শুভ দুইজনই ব্রেক করেন। এতে পিকআপভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন শুভ ও মৌ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিনপুর ও ঝাড়গ্রাম থানার পুলিশ। শুভ ও মৌকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটিতে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পিকআপ ভ্যান উদ্ধার করলেও চালককে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শুভর দহিজুড়ির বাসিন্দা। তিনি ডিশ লাইনের ব্যবসায়ী। তার বাবার বড় মিষ্টির দোকান রয়েছে। মৌয়ের বাড়ি আঁধারিয়া গ্রামে। মৌ ও শুভর প্রণয়ের সম্পর্ক দুই পরিবার থেকেই মেনে নিয়েছিল। তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
এদিকে, শুভ-মৌয়ের মৃত্যুতে শোকাহত সবাই। একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করছেন শুভর বাবা উত্তম কর ও মা সরস্বতী। মৌয়ের চাচাতো ভাই দীপঙ্কর মণ্ডল বলেন, শুভর সঙ্গে মৌ শাড়ি কিনতে গিয়েছিল। খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন সবই শেষ।