ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩
কয়েকটি দেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গেছে। এতে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আরো ১৩ জনেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার লিবিয়ার উপকূলে ওই নৌকা ডুবির ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আইওএম জানিয়েছে, ডুবে যাওয়া ১৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে ২ জন সিরিয়ার ও একজন ঘানার নাগরিক ছিলেন।
আইওএম’র মুখপাত্র সাফা মেশেলি জানিয়েছেন, নৌকাটিতে বাংলাদেশি, সিরিয়া, মিসর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। মাছ ধরার জাহাজের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে। পরে তাদের জিলিটেন ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
লিবিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছে, নিখোঁজদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে তারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তারা।
আইওএম’র তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ইউরোপে অভিবাসন প্রত্যাশী প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র- আল জাজিরা, ভয়েস অব আমেরিকা