ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বীমার টাকার জন্য নিজের হাত কাটলেন এই তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২০
বীমার টাকার জন্য নিজের হাত কাটলেন এই তরুণী!
জুলিজা আদেলেসিক

ক্ষতি পূরণের জন্য বীমা। এবার তা অর্থ উপার্জনের উপায় হিসেবে বেছে নিলেন এক তরুণী। জুলিজা আদেলেসিক নামের ২২ বছর বয়সী স্লোভেনিয়ান তরুণী বীমার টাকা পেতে নিজেই নিজের হাত কেটে ফেলেছেন।  

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এই পদ্ধতি অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে স্থানীয় একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তার বন্ধুকে গোটা এই ঘটনার পরিকল্পনার জন্য তিন বছরের সাজা শোনানো হয়েছে।

জানা গেছে, ওই তরুণী প্রথমে নিজের হাতের বীমা করান। তাতে বলা হয়, কোনো কারণে হাত বিচ্ছিন্ন হয়ে গেলে ক্ষতিপূরণ বাবদ এককালীন মোটা অঙ্কের টাকা পাবেন তিনি। পাশাপাশি প্রতি মাসেও অর্থ পাবেন তিনি। যা প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান। এরপর নিজের এক সঙ্গী ও আরো দুই বন্ধুকে নিয়ে গোটা পরিকল্পনাটি বাস্তবায়িত করেন তিনি। একটি ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের হাত কেটে ফেলেন। এরপর হাসপাতালে যান সেই হাতটি ছাড়াই। যাতে তার হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি তিনগুণ টাকা পান।

এরপর খবর দেয়া হয় বীমা কোম্পানিগুলোকে। কিন্তু কোনোভাবে কাটা হাতটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন এক কর্মকর্তা। এরপরই বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। এতে অনেকেই অবাক হয়ে যান। অনেকেই প্রশ্ন তোলেন, টাকার জন্য নিজের হাত কীভাবে কেটে বাদ দিতে পারে একজন মানুষ? 

পরে এই ঘটনার কারণে উল্টো মামলা দায়ের হয় ওই তরুণীর বিরুদ্ধে। তদন্তও শুরু হয়। দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগেই পাঁচটি পৃথক কোম্পানিতে নিজের হাতের বীমা করিয়েছিলেন ওই তরুণী। আর এরপরই তাকে দুই বছরের এবং তার বন্ধুকে তিন বছরের জন্য সাজা শোনায় আদালত। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!