ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের জামাতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ২৭ আগস্ট ২০২০
সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের জামাতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরির আরো এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তার স্বজনরা এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেয়া আল-জাবরি সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা ঠুঁকে দেন। তার অভিযোগ, তাকে হত্যা করতে চায় সৌদি সরকার।

এর আগে গত মার্চে সৌদি সরকার জাবরির দুই সন্তান ও ভাইকে গ্রেফতার করে। তার পরিবার মনে করছে, তাকে কানাডা থেকে দেশে ফিরতে বাধ্য করতে আত্মীয়-স্বজনকে আটক করছে সরকার।

সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন জাবরি। ২০১৭ সালের জুনে নায়েফকে সরিয়ে সিংহাসন দখল করেন সালমান। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, জাবরির কাছে এমন কিছু সংবেদনশীল তথ্য আছে যা প্রকাশ হওয়ার আতঙ্কে আছেন সৌদি যুবরাজ।

জাবরির ছেলে খালিদ টুইটারে জানান, গত সোমবার তার জামাতা সালেম আলমুজাইনিকে তলব করে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা। পরে সেখানেই তাকে গ্রেফতার করা হয়। আলমুজাইনির গ্রেফতার নিয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি সরকারের বার্তা অফিস কোনো সাড়া দেয়নি।

২০১৭ সাল থেকে কানাডায় নিরাপত্তা সুরক্ষা সেবা নেয়া জাবরি এই মাসে কলাম্বিয়া জেলার আদালতে করা মামলার এজাহারে বলেন, ২০১৮ সালে তাকে হত্যার জন্য একটি দল পাঠায় সৌদি যুবরাজ সালমান। কিন্তু কানাডিয়ান কর্তৃপক্ষের দক্ষতায় ওই যাত্রায় বেঁচে যান সাবেক গোয়েন্দা প্রধান।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!